রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে তিনি এ পরিচয়পত্র পেশ করেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

তিনি আরো বলেন, ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুদেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে, এবং আমাদের দুদেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করেছি। এ কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় করতে আমি আগ্রহী।