দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে গাইবান্ধা, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

গাইবান্ধা: পলাশবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই আরোহী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে কৌশিক (২০) ও শ্যামপুর আমতলা গ্রামের মৃত সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২৪)। আহত রিফাত (২২) শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে ও তৌহিদ (২৩) বিষ্ণপুর গ্রামের এনামুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে আসা পলাশবাড়ীগামী একটি ট্রাক ঝালিঙ্গি সেতু পার হচ্ছিল। এ সময় ট্রাকটি ওভারটেক করতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। একপর্যায়ে মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ছিটকে পড়েন তারা। পরে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন কৌশিক ও শ্রাবণ।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে মো. হানিফ মিয়া (৫৫) নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হানিফ কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি মিরপুরের পল্লবী এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পল্লবী থানার এসআই মো. কামাল হোসেন জানান, ভ্যানের পেছনে বসা ছিলেন ওই ব্যক্তি। একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুমিল্লা: জেলার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো একজন। গতকাল দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রায়হান ওরফে রিহান (১৮) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের সরকার বাড়ির বাবু সরকারের ছেলে। দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর: সালথায় নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জিসান মাতুব্বর (১৭) উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পটুয়াখালী: কলাপাড়ায় মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. রুহুল আমিন নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার চার যাত্রী। নিহত রুহুল আমিন উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

চাঁদপুর: জেলার মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ ব্যাপারী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার মধ্য রায়েরকান্দি ব্যাপারী বাড়ির আমির হোসেন ব্যাপারীর ছেলে।