ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে তীব্র যানজটে আশঙ্কায় শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঢাকায় চলাচলে সতর্ক করেছে দূতাবাস। শুক্রবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওসমান হাদির জানাজা হবে বলে আশা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে ঢাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশেপাশে তীব্র যানজট তৈরি হবে। বাংলাদেশজুড়ে স্বতঃস্ফূর্ত বা পরিকল্পিত সমাবেশের সম্ভাবনাও আছে।

আরো বলা হয়েছে, মনে রাখা দরকার, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া সমাবেশও সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা এবং যেকোনো বড় জমায়েতের আশপাশে থাকলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে নজর রাখার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস।