টাঙ্গাইলের গোপালপুর ও মধুপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া পঞ্চগড়, গাইবান্ধা ও ময়মনসিংহে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
টাঙ্গাইল: মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার আরো একজন আহত হয়েছেন। গতকাল দুপুরে জামালপুর-মধুপুর আঞ্চলিক সড়কের নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের সিহাবের ছেলে বনি আমিন অরেঞ্জ ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তানভীর।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, মধুপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি মোটরসাইকেল নেকিবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়৷। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোঁতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঝাওয়াইল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাস মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
পঞ্চগড়: দেবীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে সুমন ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ইসলাম দুর্ঘটনাকবলিত বাসের চালক ছিলেন। তিনি একই উপজেলার পামুলী ইউনিয়নের শান্তিরহাট এলাকার হাসিবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তয়েজ পরিবহনের একটি বাস নিয়ে দেবীগঞ্জ থেকে নীলফামারী যাচ্ছিলেন সুমন ইসলাম। দোসীমানা এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। গুরুতর আহত হন সুমন। পরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তারা সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করছেন।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় লুৎফর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট মহাসড়কের কাটামোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান উপজেলার বৈরাগী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ: গফরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মানিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মানিক উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাইজবাড়ী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে পাগলা যাচ্ছিল। পথে লংগাইর গ্রামে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মানিক। এ সময় অটোরিকশার তিন যাত্রী নার্গিস (৫০), সনিয়া আক্তার (৩৫) ও রতন মিয়া (৬০) গুরুতর আহত হন।
পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










