শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয় আইন অনুসারে আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অধ্যাপক আব্দুল হামিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে শাবিপ্রবিতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০২০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এ ছাড়া ডেনমার্ক, স্লোভেনিয়া, স্পেন ও ক্রোয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।
গত প্রায় দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আব্দুল হামিদ। অধ্যাপনার পাশাপাশি নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করেন তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি।










