সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২০৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ হাজার ২০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩১ জন ঢাকা বিভাগের।

একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৯০ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তাদের মধ্যেও সবচেয়ে বেশি ৪২৭ জন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৯০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ শিশু।

এ সময়ের মধ্যে সারা দেশে মোট ৭৩ হাজার ৩৬২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৫৯ হাজার ১০৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৯ হাজার ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৫৪ হাজার ৮১২ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।