বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হাফিজার রহমান (৭২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হাফিজার রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের ছোটচাপড়া গ্রামের জমসের আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে ফসলি জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন হাফিজার রহমান।
বগুড়ার ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট চাপড়া গ্রামের হাফিজার রহমানের ৫০ শতক জমির মালিকানা ও দখল নিয়ে একই এলাকার হটিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে শাহিনুর রহমানের সঙ্গে ১৯ বছর ধরে পাল্টাপাল্টি মামলা চলছে। শনিবার সকাল ১০টার দিকে শাহিনুর রহমান ও তার লোকজন ওই জমির দখল নিতে যান। খবর পেয়ে হাফিজার রহমান ও তার জমির বর্গাচাষী হটিয়ারপাড়া গ্রামের চান মিয়া জমির দখলে বাধা প্রদান করে। এ সময় শাহিনুর রহমান ও তার লোকজন হাফিজার রহমান এবং চান মিয়াকে পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয় লোকজন আহত হাফিজার রহমান ও চান মিয়াকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাফিজার রহমানের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান। আহত চান মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্ধীন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন।










