দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গতকাল সারা দিনে ও আগের দিন রাতে পিরোজপুর, কক্সবাজার, টাঙ্গাইল, ঝিনাইদহ, রাজবাড়ী, ঢাকা ও বাগেরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণীর দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বড়ইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে মো. স্বাধীন শেখ (১৬) ও পূর্ব বানিয়ারি গ্রামের মুকুল শেখের ছেলে মো. রহমত শেখ। গুরুতর আহত তানজীম শেখ (১৬) তারাবুনিয়া গ্রামের শহীদুল শেখের ছেলে। স্থানীয়রা জানান, হতাহত তিন শিক্ষার্থী মোটরসাইকেলযোগে বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাচ্ছিল। পথে মোল্লাবাড়ী নামক স্থানে বাইকটি দুর্ঘটনার শিকার হয়। 

কক্সবাজার: জেলার চকরিয়ায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন চালক, অন্যজন বাসটির এক নারী যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। গতকাল সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুই চালক ছাড়া নিহত অন্যজন বাসযাত্রী ছিলেন।

টাঙ্গাইল: জেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলটির আরেক আরোহী। নিহত রুকুনুজ্জামানের (৩৫) বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে। তিনি সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলার মোদনপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত খাইরুল ইসলাম (৪৫) একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে দ্রুতগতির ভ্যানচাপায় আনিশা নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের টাকাপোড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিশা উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সড়কে দাঁড়িয়ে পাটকাঠি বোঝাই করা হচ্ছিল একটি ট্রাকে। এ সময় পাশ দিয়ে যাওয়া দ্রুতগতির ভ্যানটি শিশু আনিশার বুকের ওপর উঠে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা: বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে রাজধানীর আব্দুল্লাহপুর মাছ বাজারের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোহাম্মদ রাজু (৪০) ও মো. মিলন মাঝি (৬০) নামে আরো দুজন। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট: জেলার ফকিরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আসিব নামে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১১টায় খুলনা মোংলা মহাসড়কের লখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মোংলা উপজেলার দিগরাজ ব্যাংকের মোড় নামক এলাকার বাসিন্দা। আসিবও একই এলাকার। পুলিশ জানিয়েছে, খুলনা থেকে বাগেরহাটগামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন।