রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলায় কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা খুবই স্বাভাবিক। যদি না থাকত, তাহলে আলাদা দল থাকত না।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশপাশি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দেন।
প্রেস সচিব আরো বলেন, অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব এটিকে ‘ভিত্তিপ্রস্তর নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে।
তিনি বলেন, এ নির্বাচন শুধু সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং পরবর্তী নির্বাচন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে।










