রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ ও সহায়ক কর্মচারীরা। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।

কর্মচারীদের অভিযোগ, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাস্থ্যবীমা নিয়ে কোষাধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত সভায় সাধারণ কর্মচারী ইউনিয়নের নেতাদের আসতে দেরি হওয়ায় কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এছাড়া কোষাধ্যক্ষ প্রায়ই তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও জানান তারা। এমন অভিযোগের ভিত্তিতেই কোষাধ্যক্ষের পদত্যাগের দাবি তুলেছেন কর্মচারীরা।

কর্মসূচিতে সাধারণ ও সহায়ক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টু বলেন, আমরা কোষাধ্যক্ষের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে আজকের এ কর্মসূচিতে এসেছি। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই।