নারীদের এশিয়া কাপ ক্রিকেটে আজ দুটি সেমিফাইনাল। বেলা আড়াইটায় পরাশক্তি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে খেলবে পাকিস্তান। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব পাওয়া বাংলাদেশ আজ কি পরাশক্তিকে হারিয়ে দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে যেতে পারবে?
‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন ও পাকিস্তান গ্রুপ রানার্সআপ। অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে শ্রীলংকা ও বাংলাদেশ উঠেছে সেমিফাইনালে। শ্রীলংকা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সামনে পেয়েছে ‘এ’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে। আর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে পরাজিত বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে। তারা সামনে পেয়েছে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারতকে।
এশিয়া কাপে এর আগের আট আসরে ভারত সাতবার ও বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সংস্করণের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ। পুরুষ কিংবা নারী যেকোনো ক্রিকেটে সেটাই ছিল বাংলাদেশের প্রথমবার এশিয়ান মুকুট জয়।
রোববার ডাম্বুলায় নবম উইমেন্স এশিয়া কাপ ফাইনালে কোন দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে, তা আজই নির্ধারণ হবে।
মুখোমুখিতে সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ এ বছর এপ্রিল ও মে মাসে সিলেটে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজে হারমানপ্রিত কাউরের দলের কাছে ৫-০তে হেরেছে স্বাগতিকরা।
সব মিলে এখন পর্যন্ত ২২ বারের মুখোমুখিতে ভারত ১৯টি ও বাংলাদেশ তিনটি জিতেছে। কুয়ালালামপুরে ২০১৮ সালের এশিয়া কাপে দুবার ও গত বছর মিরপুরে ভারতকে হারায় টাইগ্রেসরা। এছাড়া ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৮ ম্যাচে, যার মধ্যে ভারত ছয়টি ও বাংলাদেশ একটি জিতেছে, একটি হয়েছে টাই।
সর্বশেষ সিরিজটা হারলেও আজ ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে অধিনায়ক নিগার সুলতানা, ওপেনিং ব্যাটার মুর্শিদা খাতুন, বোলার রাবেয়া খান ও নাহিদা আক্তার দারুণ ফর্মে রয়েছেন। মুর্শিদা টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। নিগারও রান পাচ্ছেন। রাবেয়া ও নাহিদা নিয়মিত পারফর্ম করে দলকে টানছেন।









