ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাঁটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরের দিকে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২’র বিচারক শংকর কুমার এ রিমান্ড মঞ্জুর করেন। 

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মেয়র আব্বাস আলীর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল সন্ধ্যায় আব্বাস আলীকে বোয়ালিয়া মডেল থানায় নেয়া হবে। 

এর আগে গতকাল রোববার কাঁটাখালীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খালের ওপর নির্মিত পৌরমেয়র আব্বাস আলীর দুটি অবৈধ মার্কেট ভেঙে দেয় প্রশাসন। গতকাল সকালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হন মেয়র আব্বাস আলী। একই অভিযোগে পৌর আওয়ামী লীগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।