বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। সভাপতিসহ চারটি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচন শেষে রাত সাড়ে ১২টায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত।

নির্বাচনে সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী আব্দুল বাছেদ  নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতির পদে যথাক্রমে আজবাহার আলী ও সাখাওয়াৎ হোসেন মল্লিক, যুগ্ম সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স ও এনামুল হক পান্না, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে আজিজুল হক ফিরোজ এবং সদস্য পদে নূরে জান্নাত রূপা। ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোস্তফা মজনু, এবং চারটি সদস্য পদে যথাক্রমে নুর-ই-আজম, মিজানুর রহমান, আব্দুস সালাম ও শিপন খাতুন ।

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন : জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু জয়ী হয়েছেন। প্রায় ১১ বছর পর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হলো।

শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বগুড়া জিলা স্কুল মাঠে ৯০টি বুথে ভোট গ্রহণ চলে। গতকাল সকাল ৭টায় বগুড়া জিলা স্কুল মাঠে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ফল ঘোষণা করেন। নির্বাচনে ১৬ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৩০টি পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।