প্যারিস অলিম্পিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাইভিং ও ভারোত্তোলন থেকে দুটি স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্রকে টপকে যায় চীন। যদিও বাংলাদেশ সময় মধ্য রাতে অ্যাথলেটিকস ট্র্যাক থেকে তিন-তিনটি স্বর্ণ জিতে চীনকে টপকে যায় যুক্তরাষ্ট্র। গতকাল সন্ধ্যায় মেয়েদের ৫০০ মিটার নৌকাবাইরের দ্বৈতে স্বর্ণ জিতে আবার যুক্তরাষ্ট্রকে ধরে ফেলে চীন। পরে ডাইভিং ও টেবিল টেনিস থেকে আরো দুটি স্বর্ণ জিতে শীর্ষে উঠে যায় চীনারা। গতকাল ১৪তম দিন বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ৩২টি স্বর্ণসহ মোট ৭৭টি পদক নিয়ে শীর্ষে ছিল চীন। ৩০টি স্বর্ণসহ মোট ১০৪টি পদক নিয়ে দুইয়ে ছিল অলিম্পিক পরাশক্তি যুক্তরাষ্ট্র।
সন্ধ্যায় চীন তো রাতে যুক্তরাষ্ট্র—গত এক সপ্তাহ ধরে এভাবেই শীর্ষস্থানের লড়াই চলছে দুই জায়ান্টের মধ্যে। শেষ পর্যন্ত কোন দেশ শীর্ষস্থান পাওয়ার গৌরব অর্জন করবে, তা দেখার অপেক্ষা।
পদক তালিকায় চীন ও যুক্তরাষ্ট্রের পরই ছিল অস্ট্রেলিয়া (১৮ স্বর্ণ), ফ্রান্স (১৪ স্বর্ণ), ব্রিটেন (১৪ স্বর্ণ), জাপান (১৩ স্বর্ণ), দক্ষিণ কোরিয়া (১৩ স্বর্ণ), জার্মানি (১১ স্বর্ণ), নেদারল্যান্ডস (১১ স্বর্ণ) ও ইতালি (১০ স্বর্ণ)।
বৃহস্পতিবার রাতে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিন-লেভরোন, মেয়েদের লং জাম্পে যুক্তরাষ্ট্রের টারা ডেভিস-উডহল ও ছেলেদের ১১০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হলোওয়ে স্বর্ণ জিতেছেন।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এ তিন স্বর্ণপদক দিয়ে চীনকে পেছনে ফেলে যায় যুক্তরাষ্ট্র। তখন তাদের দুটি স্বর্ণপদক বেশি ছিল। যদিও এরপর মেয়েদের ৫৪ কেজি ওজন শ্রেণীর বক্সিংয়ের ফাইনালে তুরস্কের হাতিচ আকবাসকে হারিয়ে স্বর্ণ জিতে নেন চীনের চ্যাং ইউয়ান। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমাতে সমর্থ হয় চীন।
বৃহস্পতিবার রাতে স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামের ট্র্যাক থেকে তিনটি স্বর্ণ ছাড়াও তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পায় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে তারা স্বর্ণপদকে চীনকে টপকানোর পাশাপাশি মোট পদকের সংখ্যায় সেঞ্চুরিও করে ফেলে।
স্বর্ণ না জিতেও এ রাতে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের জেসমিন মুর। প্রথম আমেরিকান নারী হিসেবে একই অলিম্পিকের লং জাম্প ও ট্রিপল জাম্পে খেলার টিকিট পান এবং দুটিতেই ব্রোঞ্জ জয় করেন। এদিকে, টানা তিনটি বিশ্ব শিরোপার পর এবার অধরা অলিম্পিক স্বর্ণ জিতলেন হলোওয়ে। রৌপ্য পেয়েছেন তার স্বদেশী ড্যানিয়েল রবার্ট আর ব্রোঞ্জ পান জ্যামাইকার রশিদ ব্রডবেল।
ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতেছেন বতসোয়ানার লেতসিলে তোবোগো। তিনি সময় নেন ১৯.৪৬ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের কেনেথ বেদনারেক ১৯.৬২ সেকেন্ড টাইমিং করে রৌপ্য ও নোয়াহ লাইলস ১৯.৭০ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন। কভিড-১৯ আক্রান্ত হয়েও রেসে অংশ নেয়া লাইলস ডাবলসের আশায় ঝুঁকি নিয়ে খেলছিলেন। যদিও ব্রোঞ্জ নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়। এর আগে ১০০ মিটারে তিনি স্বর্ণ জিতেছেন।
এদিকে, গতকাল ভোরে ছেলেদের ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির ক্রিস্টোফ রাসোভস্কি। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫০ মিনিট ৫২ দশমিক ৭ সেকেন্ড। জার্মানির অলিভার ক্লেমেত রৌপ্য ও হাঙ্গেরির ডেভিড বেথলেহেম ব্রোঞ্জ জিতেছেন।









