বৈরী আবহাওয়ায় চুয়াডাঙ্গায় বাড়ছে শিশু রোগের প্রকোপ। শিশুরা ঠাণ্ডাজ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৫ শয্যার শিশু ওয়ার্ডে এ মুহূর্তে ভর্তি রয়েছে ৭০ জন। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়দের।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, গরম থেকে ঠাণ্ডা আবহাওয়ার কারণে হঠাৎ শিশু রোগীর চাপ বেড়েছে। বৃষ্টি শেষ হলে শিশুরা রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হবে। তাই শিশুদের যত্নে রাখতে হবে। তিনদিনে আবহাওয়াজনিত কারণে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে বলেও জানান তিনি।