একজন মানুষের জীবনযাপনের জন্য ন্যূনতম নিশ্চয়তা দরকার। একটি ন্যায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, আমরা নিম্ন মধ্যম আয়ের মধ্যে আছি। এটা থেকে বেরিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে চাই। সুতরাং সমাজে সবার জন্য সমান সুযোগ এবং ন্যায্যতা থাকতে হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলনে ‘ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রোটেকশন ২০২৫’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সচিব ড. মনজুর হোসেন, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলাসহ অনেকে।
অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা ব্যয়ের পাশাপাশি আয়ের দিক থেকেও পিছিয়ে আছি। যাদের জীবনধারণের জন্য ন্যূনতম উপায় নেই, তাদের স্বাস্থ্যসেবা আর স্কুল দিয়ে লাভ কী? আগে জীবনধারণের জন্য ন্যূনতম উপায় থাকতে হবে। এরপরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও স্কুল শিক্ষা নিশ্চিত করতে হবে।










