কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি মোড়ে দেখা গেছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পথচারীদের তল্লাশিও করতে দেখা গেছে।

ছবি- তাওহীদুজ্জামান তপু
ঢাকায় আজ সকালে সড়কে সাধারণ মানুষের পদচারণা অনেকটাই কম। নেই চিরচেনা যানজট। চলছে সীমিত সংখ্যক গণপরিবহন। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতেগোনা। আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার কম।

ছবি- কাজী সালাহউদ্দীন রাজু
রাজধানীর মতিঝিল, মালিবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, মিরপুর, কালশীসহ বেশ কয়েকটি সড়কে যানবাহনের সংখ্যা অনেকটাই সীমিত দেখা গেছে। রাজধানী জুড়েই সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছবি- তাওহীদুজ্জামান তপু
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ হওয়ার কথা। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে। এ কর্মসূচিকে ঘিরে গত তিনদিন রাজধানীসহ কয়েকটি জেলায় যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রল বোমা, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ছবি- তাওহীদুজ্জামান তপু
গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়েও। কাছাকাছি সময়ে তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত বগিতে আগুন দেয়া হয়। সন্ধ্যায় দোলাইরপাড় মোড়ে অগ্নিসংযোগ করা হয় একটি বাসে। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনায় রাজধানীবাসীর মনে আতঙ্ক তীব্র হয়েছে।









