সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৬৪ শিশু।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে হামের উপসর্গে মৃতদের দুজন ঢাকা বিভাগের একজন সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮৭ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ রোগী।










