‘উদ্যোক্তা হয়ে দেশ গড়ি, কর্মসংস্থান তৈরি করি’ স্লোগানে ঝালকাঠিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ‘ঝালকাঠি জেলা উদ্যোক্তা পরিবার’ নামের ফেসবুক গ্রুপ এ মেলার আয়োজন করে। গতকাল অনুষ্ঠিত মেলায় ৩০টি স্টলে ৯২ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

স্টলগুলোয় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। এছাড়া মেলায় পিঠাসহ বিভিন্ন ধরনের খাবারও বিক্রি করা হয়।

মেলা উপলক্ষে উদ্যোক্তাদের সম্মাননা ও স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের পণ্যের পরিচিতির জন্য ঝালকাঠি জেলা উদ্যোক্তা পরিবার এ মেলার আয়োজন করে।