আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে বৈশাখ উপলক্ষে আয়োজিত ক্রীড়া উৎসবে তিনি এ কথা বলেন।
পহেলা বৈশাখ উপলক্ষে পল্টন ময়দানে দিনব্যাপী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী উৎসবের উদ্বোধন করেন। উৎসবমুখর পরিবেশে পান্তা, ঢাক-ঢোল ও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বে তুলে ধরার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য আগামী বৈশাখ থেকে দেশের সব জেলায় এ ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া খেলাগুলো পরিচিত করাই এর উদ্দেশ্য।
তিনি বলেন, নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে নিতে পরিকল্পনা রয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার জন্য শিগগিরই বিশেষ ঘোষণা আসবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে। সমাজের বিশৃঙ্খলা দূর করে সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মননশীলতা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তোলার কথাও বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী তীব্র গরমের মধ্যেও ধৈর্য ধরে উপস্থিত থাকার জন্য দর্শক ও ক্রীড়াবিদদের ধন্যবাদ জানান।
দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। তীরন্দাজি, প্রতিবন্ধী ক্রীড়া, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, সেপাক টাকরো, কুস্তি, লাঠিখেলা ও বলিখেলাসহ নানা খেলায় প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ অংশ নেন।










