আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এ বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে। আজ রোববার বিকালে বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহুল সংখ্যক রাজনৈতিক সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল। চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন, ৩০ হাজার তরুণ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এ ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।
বৈশ্বিক সংকট ও সরকারের অর্থনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও সংকট মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সামাজিক সুরক্ষা জোরদার করা হচ্ছে উল্লেখ করেন তিনি জানান, এ বছরের মধ্যে মোট ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক সংস্কৃতি দূর করে দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরো ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির নেতারা।










