বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলন, বহিরাগতদের হামলা ও পরবর্তীতে সৃষ্ট অচলাবস্থার সমাধান হয়েছে। এর ফলে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, গত ৩১ অক্টোবর অনলাইনে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস ও হলসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ চালু হবে। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক পরীক্ষার তারিখ প্রকাশ করবেন। পাশাপাশি আগামী ৩ অক্টোবর সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে শিক্ষার্থীরা উঠতে পারবেন বলেও জানানো হয়।
এর আগে, মঙ্গলবার সকালে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। আন্দোলনকারী পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদেরও একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।










