রাজধানীতে সকাল থেকেই আকাশ ছিল ঘোলাটে। খানিকটা মনে হচ্ছিল যেন কুয়াশা পড়ছে। এর সঙ্গে ছিল প্রচণ্ড গরম আর গুমোট ভাব। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এমন আবহাওয়ার পর ঝুম বৃষ্টিতে ভেজে নগরী। এরপর দুপুরের পর রোদের দেখাও মিলেছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় রাজধানী ছাড়াও দেশজুড়ে বৃষ্টি কমেছে। চলতি সাপ্তাহের বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত কম হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, মৌসুমি বায়ু বিদায় নেয়ার সময় হয়েছে। এর আগে বিচ্ছিন্নভাবেই দেশে বৃষ্টি হবে। আগামী ২৪ তারিখে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দুদিন বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।