জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যদি রাজনীতিবিদরা প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তবে সেটিই হবে বড় সংস্কার। রোববার (৩১ আগস্ট) রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের ওপর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার দায়ভার রাজনীতিবিদদের নিতে হবে। এছাড়া বিদ্যমান মালিকানার ধারা বজায় রেখে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়।

তিনি সভায় প্রশ্ন তুলে বলেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা দোকানদার হবেন, নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন। এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো ও পেশাদারিত্বের বিষয়গুলোও সংস্কারের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

সাংবাদিক ইউনিয়নগুলোর ভূমিকা নিয়েও আলী রীয়াজ বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক ইউনিয়নগুলোকে আরো সোচ্চার হতে হবে। এক্ষেত্রে শুধু সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।