প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া হামলায় গভীর উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মান দূত।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স (ওয়ান-ইফরা)। গতকাল এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় বিশ্বের ১২০টির বেশি দেশের তিন হাজার সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তার প্রধান সংস্থাটি।

গতকাল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক কেন্দ্রে ‘মব’ হামলা অত্যন্ত উদ্বেগজনক। সরকারকে অবশ্যই দ্রুত ও কার্যকরভাবে এসব হামলার তদন্ত করতে হবে এবং কালবিলম্ব না করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রখ্যাত তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর (প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে আহত হয়ে তার মৃত্যু হয়) পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হলে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় এবং ছায়ানট সংস্কৃতি–ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়। এছাড়া নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপরও হামলা চালানো হয়।

সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘এ মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদমাধ্যম ও শিল্প-সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই এগুলো ঘটেছে। গত এক বছরে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমেই অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে।’

এদিকে জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া কার্স্টেন ও ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে গতকাল সকালে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা ভাংচুর-লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটির ভবন আগুনে পুড়িয়ে দেয়। গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশে ও বিদেশে নিন্দার ঝড় বইছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানে একজন সাংবাদিকের প্রতি, প্রথম আলোর গণমাধ্যমকর্মীদের জন্য, যারা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছি।’