গত ২২ আগস্ট বণিক বার্তার প্রথম পাতায় প্রকাশিত ‘‌গোপালগঞ্জের ইকোনমিক হিটম্যান চৌধুরী নাফিজ সরাফাত’ শীর্ষক সংবাদের দুটি জায়গায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামীর নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি তৈরির সময় মতামত প্রদান করতে না পারায় পরে তিনি এ বিষয়ে তার মতামত দিয়েছেন। 

অধ্যাপক নিজামী তার মতামতে জানিয়েছেন, পরিদর্শন কাজ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কমিশনার হিসেবে তার শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। কারণ এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব কমিশনের নির্বাহী বিভাগের। এমনকি এ রকম কোনো দাপ্তরিক নির্দেশনা অনিষ্পন্ন ছিল বলে তার জানা নেই। পাশাপাশি তার দায়িত্বকালীন তিনি রেইসকে কোনো ধরনের আনুকূল্য দেখাননি বলে জানিয়েছেন।

প্রতিবেদকের বক্তব্য: বণিক বার্তাকে দেয়া বক্তব্যে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক খায়রুল রেইসের মিউচুয়াল ফান্ডের পরিদর্শন কার্যক্রমের নির্দেশ বাস্তবায়ন না হওয়ার দায় অধ্যাপক নিজামীর ওপর চাপিয়েছেন। এছাড়া বিএসইসির সাবেক কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী কর্তৃক রেইসকে বিভিন্নভাবে আনুকূল্য দেখানোর বিষয়টি সংস্থাটির কর্মকর্তারাই নিশ্চিত করেছেন।