সুইজারল্যান্ডের সকার ট্রেডিং এসএর কাছ থেকে স্বল্পমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় হলেও সকার ট্রেডিং এসএ মূলত আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সকারের একটি বাণিজ্যিক শাখা (ট্রেডিং আর্মস)। সকার হচ্ছে স্টেট অয়েল কোম্পানি অব দ্য রিপাবলিক অব আজারবাইজানের সংক্ষিপ্ত রূপ। সুইজারল্যান্ড আদতে তেল-গ্যাস উৎপাদনকারী কোনো দেশ নয়। ফলে সকারের সঙ্গে জিটুজি প্রক্রিয়াকরণ কেন সুইজারল্যান্ড থেকে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গত বছরের ৭ ডিসেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই মেয়ে লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গেছেন।
স্বল্প মেয়াদে জিটুজি পদ্ধতিতে এলএনজি কেনার এ প্রস্তাব গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় অনুমোদন হয়। যদিও সরকারের নেয়া এ সিদ্ধান্তের স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, আজারবাইজানের কোম্পানি সকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী দুর্নীতি, ঘুস বাণিজ্যসহ মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আছে। সুইজারল্যান্ডে সকারের জ্বালানিকেন্দ্রিক বাণিজ্য নিয়ে সমালোচনা ও নজরদারি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। এমনকি বাংলাদেশে গ্যাস কূপ খনন নিয়ে সকারের সঙ্গে বাপেক্সের একটি মামলাও আন্তর্জাতিক আদালতে চলমান। এমন পরিস্থিতিতে সকার ট্রেডিংয়ের কাছ থেকে এলএনজি ক্রয়ে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ বলছেন বিশেষজ্ঞরা।
জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ম. তামিম বণিক বার্তাকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বিতর্কিত এমন একটি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের আগে আরো চিন্তাভাবনা করা উচিত। এলএনজি আমদানি চুক্তি সইয়ের পর সরবরাহ ব্যবস্থাপনায় ভবিষ্যতে কোনো বাধা তৈরি হবে কিনা তা খতিয়ে দেখার বিষয় রয়েছে। কারণ এ ধরনের বিতর্কিত কোম্পানির সঙ্গে চুক্তি জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।’
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট খাতের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এ মুহূর্তে সারা বিশ্বে তেল ও গ্যাস উৎপাদনে আজারবাইজানের হিস্যা ১ শতাংশ। দেশটির রফতানি আয়ের ৯০ শতাংশ এবং সরকারি আয়ের ৬৪ শতাংশ আসে জীবাশ্ম জ্বালানি থেকে। এ অর্থ আয় করতে রাষ্ট্রীয় কোম্পানি সকার বিভিন্ন দেশে গোপনে অর্থ লেনদেন ও ঘুস দেয়ার মতো অনিয়মে জড়িত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সকার ট্রেডিংয়ের বিরুদ্ধে সন্দেহজনক অর্থ লেনদেন করার অভিযোগ রয়েছে। সুইজারল্যান্ডের এনজিও পাবলিক আই ও অন্যান্য সংস্থার তদন্তে দাবি করা হয় যে ২০১৭ সালে মাল্টায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দুবাইভিত্তিক কোম্পানি ১৭ ব্ল্যাকের কাছে কয়েক মিলিয়ন ডলারের ‘সন্দেহজনক’ অর্থ প্রদান করেছিল সকার ট্রেডিং। এ প্রকল্পের চুক্তিতে সকার ট্রেডিংয়ের ৩৩ শতাংশ অংশীদারত্ব ছিল। মাল্টার সরকার তদন্ত করে অনিয়মের অভিযোগের প্রমাণও পেয়েছে।
মাল্টার তদন্তকারীরা অভিযোগ করেছেন, সকার ট্রেডিং মাল্টার পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ কিথ শেম্ব্রি এবং জ্বালানিমন্ত্রী কনরাড মিজ্জিকে ঘুস প্রদান করেছে। এক্ষেত্রে কিথ শেম্ব্রি, কনরাড মিজ্জি এবং ইয়র্গেন ফেনেক অবৈধ অর্থ স্থানান্তরের জন্য বিদেশে গোপন কোম্পানি ও বিদেশী ব্যাংক হিসাব খুলেছিলেন। এর মধ্যে দুবাইভিত্তিক কোম্পানি ১৭ ব্ল্যাকের মালিক ইয়র্গেন ফেনেক ছিলেন অর্থ পাচার চক্রের গুরুত্বপূর্ণ একজন। এ অর্থ পাচারের বিস্তারিত উন্মোচনে মাল্টার অনুসন্ধানী সাংবাদিক ড্যাফনি কারুয়ানা গালিজিয়া তদন্ত শুরু করেন। পরবর্তী সময়ে (২০১৭) তিনি গাড়িবোমায় হত্যাকাণ্ডের শিকার হন। ড্যাফনিকে হত্যার মামলায় বর্তমানে ইয়র্গেন ফেনেক কারাগারে রয়েছেন। এই ফেনেকের বিরুদ্ধে বহু ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে এবং সকার ট্রেডিংয়ের বিরুদ্ধেও অভিযোগ আনার প্রস্তুতি চলছে।
সকার ট্রেডিং এসএ মূলত আজারবাইজানের জাতীয় তেল কোম্পানি সকারের শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সখ্য গড়ে তুলতে আজারবাইজানকে বেশ তৎপরতা দেখা গেছে।
দেশে গ্যাসের ঘাটতি মেটাতে বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি কমাতে চায় পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে স্বল্পমেয়াদে সুইজারল্যান্ডভিত্তিক সকার ট্রেডিং এসএর সঙ্গে জিটুজিতে আগ্রহী সরকার। যার অংশ হিসেবে সুইজারল্যান্ডের সঙ্গে জিটুজি প্রক্রিয়ায় এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পেট্রোবাংলা বলছে, এখন সকার ট্রেডিংয়ের সঙ্গে এলএনজির দাম নিয়ে আলোচনা হবে। এরপর তাদের সঙ্গে দরে মিললে চুক্তি সই হবে। সেটি করা গেলে আগামী বছর থেকে তিন-চার কার্গো এলএনজি কেনা হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বণিক বার্তাকে দাবি করেন, ‘সকারের কাছ থেকে এলএনজি কেনার ক্ষেত্রে স্পট মার্কেট বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। স্পট থেকে এলএনজি কিনতে আমরা যে প্রিমিয়াম পাই, তার চেয়ে অনেক কম হবে সকারের এলএনজির দাম। সেক্ষেত্রে স্পটের চেয়ে বর্তমান প্রিমিয়াম বিবেচনায় প্রতি কার্গোতে অন্তত ২০ কোটি টাকা সাশ্রয় হবে। প্রতি বছর তিন-চারটি কার্গো নেয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চেষ্টা করছি স্বল্পমেয়াদে সাশ্রয় মূলে কার্গো কেনা গেলে স্পট থেকে ১০ শতাংশের বেশি কার্গো না কেনার।’
আন্তর্জাতিক আদালতে সকারের সহযোগী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাপেক্সের চলমান মামলার মধ্যে সকার ট্রেডিং এসএর সঙ্গে কোনো চুক্তিতে যাওয়ার আগে অতীত অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে কিনা জানতে চাইলে জ্বালানি বিভাগের শীর্ষ এ কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘বাপেক্সের সঙ্গে সকারের যে প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়েছিল, সেটি ড্রিলিং কোম্পানি। এক অর্থে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলএনজির ক্ষেত্রে এটা সকারের ট্রেডিং কোম্পানি। দুটি ভিন্ন কোম্পানি। সকারের কাছ থেকে এলএনজি কেনার ক্ষেত্রে অতীতের বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে।’
সকার ট্রেডিংয়ের কাছ থেকে এলএনজি কেনার ক্ষেত্রে প্রশ্ন উঠছে কোম্পানিটির বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রমের রেকর্ড নিয়ে। বিশেষত সকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন, অর্থ পাচার এবং সুইজারল্যান্ডে কোম্পানিটির জীবাশ্ম জ্বালানি ট্রেডিং নিয়ে বড় বিতর্ক রয়েছে। এসব বিষয় বিবেচনায় না নিয়ে সকার ট্রেডিংয়ের কাছ থেকে এলএনজি আমদানির চুক্তি হলে তাতে সরবরাহ ব্যবস্থাপনায় বড় ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।
জিটুজি প্রক্রিয়া কেন আজারবাইজানের সঙ্গে না হয়ে সুইজারল্যান্ডের সঙ্গে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এদিকে কোম্পানিটির আরেকটি উইং সকার একিউএস ট্রেডিংয়ের সঙ্গে যুক্তরাজ্যের একটি আদালতে বাপেক্সের মামলা চলমান রয়েছে।
জিটুজি চুক্তি মূলত দুটি সার্বভৌম দেশের সরকারের মধ্যে সম্পাদিত একটি দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা। কোনো বেসরকারি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছাড়া দুটি দেশের ব্যবসায়িক বা কৌশলগত চুক্তিই হলো জিটুজি। সকার ট্রেডিং আজারবাইজানের রাষ্ট্রীয় কোম্পানি। তাহলে কেন সুইজারল্যান্ডের সঙ্গে এ জিটুজি হলো এমন প্রশ্নের জবাবে জ্বালানি বিভাগের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এটি সকারের একটি ট্রেডিং কোম্পানি। সুইজারল্যান্ড থেকে মূলত এ কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। প্রত্যেকটি দেশের এ ধরনের ট্রেডিং কোম্পানি থাকে। যারা ব্যবসায়িকভাবে অর্থ আদান-প্রদানে সুবিধাজনক জায়গায় কোম্পানির নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। যে কারণে এ ধরনের প্রতিষ্ঠান যেখান থেকে পরিচালিত হয় চুক্তির ক্ষেত্রে সেই দেশের নামটি উল্লেখ করতে হয়।’
সকার ট্রেডিং এসএর সঙ্গে এখন এলএনজির দাম নিয়ে আলোচনা হবে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘সকার একটা প্রস্তাব দিয়েছিল। সেটা নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এখন এলএনজির দাম নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। যদি সাশ্রয়ী হয় তাহলে হয়তো একটা সিদ্ধান্তে আসা যাবে।’
কতটা এলএনজি কেনা হবে সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নির্ভর করছে আমাদের টার্মিনালের সরবরাহ সক্ষমতার ওপর। কারণ দীর্ঘমেয়াদি এলএনজির পাশাপাশি স্পট থেকে আগামী বছর ১৭টি কার্গো কেনার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দুটো কেনার বিষয়ে সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। ফলে কার্গো শিডিউল বিবেচনায় কতটুকু কেনা যায় সেটা হিসাবের ভিত্তিতে বলা যাবে।’
বাংলাদেশে সকারের গ্যাস কূপ খনন কার্যক্রমের অভিজ্ঞতা রয়েছে। স্থলভাগের তিনটি গ্যাস কূপ খনন করতে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল-গ্যাস খনন কোম্পানি সকার একিউএসের সঙ্গে ২০১৭ সালে চুক্তিবদ্ধ হয় বাপেক্স। ওই চুক্তির আওতায় তিনটি গ্যাস কূপ খননের কথা ছিল সকারের, যার অর্থমূল্য ছিল সে সময় ৩৯৯ কোটি টাকা। এ চুক্তির আওতায় খাগড়াছড়ির দক্ষিণ সেমুতাং-১, নোয়াখালীর বেগমগঞ্জ-৪ ও জামালপুরের মাদারগঞ্জ-১ খনন করার কথা ছিল কোম্পানিটির। এর মধ্যে ২০১৮ সালের জানুয়ারিতে সেমুতাং-১ কূপটি খনন করে সকার। তাতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কোনো গ্যাস পাওয়া যায়নি। ওই কূপ খননবাবদ সে সময় ১৪২ কোটি টাকা পরিশোধও করে বাপেক্স। অন্য দুটি কূপ খননের প্রস্তুতি খরচ এবং খননস্থান নির্ধারণ নিয়ে সকারের সঙ্গে বাপেক্সের জটিলতা তৈরি হয়। সে সময় বাপেক্সের দাবি ছিল, বেগমগঞ্জ-৪ কূপ খননের আগে প্রস্তুতির জন্য চুক্তির বাইরে গিয়ে ৭৩ কোটি টাকা অগ্রিম দাবি করে সকার। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিল বিলম্বের দাবি তুলে ২০১৯ সালের জুনে চুক্তি বাতিল করার কথা বাপেক্সকে জানিয়ে দেয় সকার। এরপর সকার একিউএস ২০২০ সালে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) বাপেক্সের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করে।
সকার পারফরম্যান্স গ্যারান্টি, রিগ আটকে রাখা, ডিমোবিলাইজেশন, আনুষঙ্গিক ক্ষতি এবং সাব-কন্ট্রাক্টরের পাওনাসহ ১১ বিষয়ে প্রায় ৮৮৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করে। বাপেক্স ২০২১ সালে এ মামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি প্রতিষ্ঠান ফলিহগকে নিয়োগ করে। লন্ডনে ২০২৩ সালের ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়। ওই মামলার আংশিক রায়ও সে সময় সকারের পক্ষে যায়। বাপেক্স এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
দেশে প্রতি বছর বিপুল পরিমাণ এলএনজি আমদানি করা হচ্ছে। ওমান ও কাতারের পাশাপাশি স্পট মার্কেট থেকে এলএনজি কিনছে সরকার। তবে স্পট মার্কেট থেকে এলএনজি কেনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কমিশন, ঘুস দিয়ে কাজ পাওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে এখনো বিস্তৃত কোনো তদন্ত হয়নি।










