ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুরে প্রাইম ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশায় গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে অপারেটর সাইদুল ইসলাম রনি (৩০) নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালক জাহিদ আলম (২৭) আহত হন।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত রনির মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাইদুল ইসলাম রনি ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ আধাঁর মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত জাহিদুল আলম সোনাগাজীর নবাবপুরের কবির আহাম্মদের ছেলে।

গত দুই মাস আগেই রনি বিয়ের পিঁড়িতে বসেন। তার আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছে পরিবার।   

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু জানান, এটি একটি দুর্ঘটনা। আমাদের কোনো ভুলের কারণে এটি হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজিও নতুন, অন টেস্ট চলছিল। এটির জন্য গাড়ি কর্তৃপক্ষ দায়ী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রনির লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।