রান্নায় পরিচ্ছন্ন জ্বালানি প্রাপ্তিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। দেশের প্রায় ১২ কোটি মানুষ রান্নার কাজে পরিচ্ছন্ন জ্বালানি প্রাপ্যতা থেকে বঞ্চিত, যা মোট জনসংখ্যার ৭২ শতাংশ। এ সুবিধা পায় দেশের মাত্র ২৮ শতাংশ মানুষ। দক্ষিণ এশিয়ায় এ হার সর্বনিম্ন এবং ৪৮টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। দেশে পরিচ্ছন্ন জ্বালানি সুবিধা পাওয়ার ক্ষেত্রে গ্রামের তুলনায় শহরের মানুষ এগিয়ে রয়েছে। গ্রামের ৮৯ শতাংশ মানুষ এখনো অপরিচ্ছন্ন জ্বালানি দিয়ে রান্না করে। প্রতি ১০ জনে মাত্র একজন পরিচ্ছন্ন জ্বালানি সুবিধা পায়। অন্যদিকে শহরে এ হার ৪০ শতাংশ। শহরের ৬০ শতাংশ মানুষ রান্নায় পরিচ্ছন্ন জ্বালানির সুবিধা পায় না।
‘বাংলাদেশে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি গ্রহণ: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সাফল্যের গল্প’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বার্ষিক সম্মেলনে গবেষণাপত্রটি উপস্থাপন করেন সংস্থার গবেষণা ফেলো মুনতাসির মুরশেদ।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবহার ঘরোয়া বায়ুদূষণ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার থেকে সৃষ্ট ধোঁয়া শ্বাসতন্ত্র ও হৃদরোগজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এসব স্বাস্থ্যঝুঁকি পুরুষের তুলনায় অনেক বেশি। এর অন্যতম কারণ রান্নার সময় নারীরা বেশি সময় ধোঁয়ার কাছে থাকেন। বাংলাদেশে এখনো প্রায় ৭২ শতাংশ মানুষ অপরিচ্ছন্ন রান্নার জ্বালানিতে ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) নির্ধারিত জ্বালানি-সংক্রান্ত স্থায়িত্ব লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি মোটেও আশানুরূপ নয়। তবে এলপিজির বিকাশ পরিচ্ছন্ন রান্নার জ্বালানি গ্রহণের হার বৃদ্ধির ক্ষেত্রে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
পর্যালোচনা করে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি পরিচ্ছন্ন জ্বালানির সুবিধা পায় দ্বীপরাষ্ট্র মালদ্বীপের মানুষ। তাদের ৯৯ দশমিক ৭ শতাংশ মানুষ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে। এর পরই রয়েছে ভুটান। দেশটির ৮৮ শতাংশ মানুষ এ সুবিধা পেয়ে থাকে। এছাড়া ভারতের ৭৪ দশমিক ৫, পাকিস্তানের ৫২ দশমিক ৬, নেপালের ৩৯ দশমিক ৬, আফগানিস্তানের ৩৬ দশমিক ১ এবং শ্রীলংকার ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ রান্নার কাজে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের সুযোগ পায়। এছাড়া বিশ্বের নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর ক্ষেত্রে এর গড় প্রায় ৬১ শতাংশ।
এমন পরিস্থিতিতে এলপিজি বাংলাদেশে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি প্রাপ্যতা নিশ্চিতে কাজ করবে বলে মনে করেন গবেষক মুনতাসির মুরশেদ। তিনি গবেষণা সুপারিশে বলেছেন, ভবিষ্যতে এলপিজি বাংলাদেশে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি গ্রহণের হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য সরবরাহ ও চাহিদা উভয় দিক থেকেই সুসংহত নীতিগত হস্তক্ষেপ প্রয়োজন।
বিআইডিএস আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের প্রথম দিনে গতকাল তিনটি অধিবেশনে কৃষি, জ্বালানি, ক্লাইমেট রেজিলিয়েন্স, স্বাস্থ্য ও শিল্প খাতভিত্তিক ১০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: স্থিতিস্থাপকতা এবং অভিযোজন’ শীর্ষক প্রথম অধিবেশনে হাওর এলাকার মানুষের দুর্যোগ মোকাবেলা ও জলবায়ুগত পরিবর্তনের কথা বলা হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে, এ এলাকার পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুগত পরিবর্তনের মুখে বেশি সংবেদনশীল এবং তাদের অভিযোজন সক্ষমতা কম। আরেকটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে কৃষি ও অ-কৃষিভিত্তিক উভয় পেশায় জলবায়ু পরির্বতনের প্রভাব দেখা যায়। যার ফলে মানুষ গ্রাম থেকে শহরে অভিবাসী হয়। এছাড়া এক গবেষণা দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় সহনশীল জাতের ধান চাষাবাদে কৃষকের সংখ্যা বেড়েছে।
দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য ও রোগব্যাধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেখা যায় বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ২০ দশমিক ৪৭ শতাংশ উচ্চ রক্তচাপ এবং ১৫ দশমিক ৬৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। তবে প্রি-ডায়াবেটিসে ভুগছে প্রায় ৩২ দশমিক ৬ শতাংশ মানুষ। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন (২৯.৫৩%) এবং অতিরিক্ত ওজন আছে এমন ব্যক্তিদের মধ্যে (৩১.২৪%) উচ্চ রক্তচাপ তুলনামূলকভাবে বেশি। একইভাবে ৫০ বছরের ঊর্ধ্বে (২২.৯২%), অতিরিক্ত ওজনধারী ব্যক্তিদের মধ্যে (২২.১৭%) এবং উচ্চ রক্তচাপ আক্রান্তদের মধ্যে (২৫.১%) ডায়াবেটিসের প্রাদুর্ভাব দেখা যায়। দেশে দিনাজপুরে ডায়াবেটিসের প্রাদুর্ভাব সর্বাধিক, অন্যদিকে সিলেটে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের হার উল্লেখযোগ্যভাবে বেশি। আরেক গবেষণায় দেখা যায়, দেশে থ্যালাসেমিয়া বাহকের হার এখন প্রায় ১০ দশমিক ৯ শতাংশ থেকে ১৩ দশমিক ৩ শতাংশ অর্থাৎ প্রায় ১ কোটি ৭০ লাখ থেকে ২ কোটি ২০ লাখ মানুষের শরীরে থ্যালাসেমিয়ার বাহক রয়েছে, যা থাইল্যান্ড ছাড়া দক্ষিণ এশিয়ায়, এমনকি বৈশ্বিক পর্যায়েও সর্বোচ্চ। বাংলাদেশে প্রায় ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে।
দিনের সর্বশেষ অধিবেশনে শিল্প খাতে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনবিষয়ক গবেষণাপত্র উপস্থাপিত হয়। একটি গবেষণায় উৎপাদন খাতে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৈষম্য দেখানো হয়েছে। সেখানে দেখা যায় তৈরি পোশাক খাতের শ্রমিকরা অন্যদের তুলনায় প্রায় ১৯ থেকে ২২ শতাংশ বেশি মজুরি পান, যা উন্নত কমপ্লায়েন্স ব্যবস্থা, কার্যকর ট্রেড ইউনিয়ন, আনুষ্ঠানিক কাঠামো এবং দক্ষ শ্রমশক্তির কারণে ঘটেছে। এছাড়া গত দুই দশকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে উল্লেখযোগ্য প্রযুক্তিগত পরিবর্তন এসেছে। এ খাতে আধুনিকায়ন ধীরে ধীরে অটোমেশনের দিকে এগিয়েছে। গত এক দশকে তৈরি পোশাক খাত উৎপাদনশীলতায় প্রায় ৪ দশমিক ১৯ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া, বৃহৎ ও মাঝারি আকারের তৈরি পোশাক শিল্প-কারখানাগুলোর মধ্যে একই ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বিকশিত হয়েছে, যা দেশের রফতানি শিল্পটিকে এগিয়ে নিচ্ছে।
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, ‘দুইদিনের গবেষণা সম্মেলনে অর্ধশতাধিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর মধ্য দিয়ে নানা বিষয় উঠে আসবে। দেশের অর্থনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা, যুব বেকারত্ব, দারিদ্র্য ও স্বাস্থ্য খাতে নানা সংকট নিয়ে আলোচনা করা হবে। এতে দেশের বিভিন্ন খাতের গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করবেন।










