পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউয়াহাব সাইদানি। সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাত উল্লেখযোগ্য। প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একটি যৌথ পরামর্শ কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগসহ জ্বালানি, শিক্ষা ও কৃষি খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলজেরিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় এবং পারস্পরিক ভিসা মওকুফের মতো উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি দুই দেশের অংশীদারত্ব আরো গভীর করতে নিয়মিত বৈঠক ও উচ্চপর্যায়ের সফর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

রাষ্ট্রদূতও দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।