খালেদা জিয়ার মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণসংহতি আন্দোলন।

বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী বলেছেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। লড়াকু ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন।’ খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তারা।

অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক শোক বিবৃতিতে বলেন, ‘তার মৃত্যু এ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।’ বিবৃতিতে বলা হয়, এক–এগারো সরকারের সময়ে তার অনমনীয় ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও তিনি ছিলেন মানুষের সাহসের উৎস। এ কারণেই তাকে বারবার ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে। ব্যক্তিগতভাবে নারী হিসেবে কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু স্বভাবসুলভ ঔদার্য, মহানুভবতা ও আত্মমর্যাদার সঙ্গে সেসব কিছুর মোকাবেলা করেছেন তিনি।