প্যারিস অলিম্পিকে নবম দিনশেষে পদক তালিকায় চীনকে টপকে শীর্ষে উঠেছিল যুক্তরাষ্ট্র। রোববার দিবাগত রাত ২টায় ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্রকে টেবিলের শীর্ষে নিয়ে যান নোয়াহ লাইলস। যদিও গতকাল শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চীন। রাত ৮টা পর্যন্ত ২১টি স্বর্ণপদক জিতে টেবিলের এক নম্বর স্থানটি ধরে রাখে এশিয়ান জায়ান্টরা। ১৯টি স্বর্ণ নিয়ে দুইয়ে ছিল যুক্তরাষ্ট্র।

গতকাল শুটিংয়ের ছেলেদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে চীনকে স্বর্ণ এনে দিয়েছেন লি ইউহং। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়ার চো ইয়ংজা রৌপ্য ও চীনের ওয়াং ঝিনজিয়ে ব্রোঞ্জ জিতেছেন। আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের প্যারালাল বার ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতেছে চীনের জোউ জিনজুয়ান। 

মেয়েদের ব্যালান্স বিম ইভেন্টে স্বর্ণ হাতছাড়া করেন চীনের ঝোউ ইয়াকিন। এই ইভেন্টে ইতালির অ্যালিস ডি’আমাতো জিতেছেন স্বর্ণ জিতেছেন। ব্যাডমিন্টন ফাইনালে চীনের হে বিং জিয়াওকে হারিয়ে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন ইয়াং। 

এদিকে গতকাল প্যারিসে নিজের শেষ ইভেন্টে স্বর্ণ জিততে ব্যর্থ হন ইতিহাসের অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোন বাইলস। মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ফাইনালে তিনি রৌপ্য জয় করেন। এই ইভেন্টে ব্রাজিলের রেবেকা আনদ্রাদে স্বর্ণ জয় করেন। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের জর্ডান চিলেস। 

রোববার রাতে নাটকীয়ভাবে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফটো ফিনিশিংয়ে তিনি জয়ী হন। আমেরিকান স্প্রিন্টার সময় নেন ৯.৭৯ সেকেন্ড। রৌপ্যজয়ী জ্যামাইকার কিশানে থম্পসনকে ০.০০৫ সেকেন্ডের ব্যবধান পেছনে ফেলে তিনি স্বর্ণ জয় করেন। যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি জিতেছেন ব্রোঞ্জ। তিনি সময় নেন ৯.৮১ সেকেন্ড। শেষ ১০ মিটারেই দুর্দান্ত লড়াই হলো এবং বিজয়ী নির্ধারণ করতে ফটো ফিনিশিংয়ের আশ্রয় নিতে হলো কর্মকর্তাদের।