দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন
ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বর্ডার
সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইস্টার্ন কমান্ড কলকাতার বিশেষ মহাপরিচালক সোনালি মিশরা।
আজ শুক্রবার (২৩ জুন) সকাল ১০টা দিকে তিনি
হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় আসেন। এ সময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম
তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি সীমান্তে দায়িত্বরত বিজিবির নারী
সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে বিজিবির কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। এর
পর শূন্যরেখার পার্শ্বে বিজিবির পক্ষ থেকে নির্মিত অস্থায়ী ক্যাম্পে দুই বাহিনীর বৈঠক
অনুষ্ঠিত হয়। পরে তারা ক্রেস্ট ও মিষ্টি বিনিময় করা হয়।
বৈঠক শেষে সোনালি মিশরা একই পথ দিয়ে ভারতে
চলে যান। এ সময় উভয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, বিএসএফের কলকাতাস্থ ইস্টার্ন কমান্ডে বিশেষ
মহাপরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন সোনালি মিশরা। তাই তার দায়িত্বপূর্ণ এলাকা
পরিদর্শনের অংশ হিসেবে আজ তিনি হিলি সীমান্তের ভারত অংশ পরিদর্শনে এসেছিলেন। সীমান্তের
চেকপোস্ট গেট এলাকা পরিদর্শনে এলে আমরা বিজিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।
পরে আমাদের পক্ষ থেকে তাকে আপ্যায়ন করানো হয়েছে। সেই সঙ্গে একসঙ্গে বসে আলাপ-আলোচনা
করেছি।
বৈঠকটি শুধু সৌজন্য সাক্ষাৎ বলে জানান
বিজিবির এই কর্মকর্তা।









