ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুকে রক্ষার দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে সহিংসতার ঘটনা বাড়ছে এবং এটাকে গণমাধ্যমের অতিরঞ্জন বলা যায় না।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন।
জয়সোয়াল বলেন, ভারত আবারো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে।
ইসকন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সোল বলেন, সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে ইসকনের বিশ্বব্যাপী সুনাম আছে। আমরা তাদের সেভাবেই দেখি।










