জীবিকার তাগিদে বৈরী আবহাওয়ায় মাছ শিকারে গিয়ে গত সাত বছরে বরিশাল বিভাগে ৬০৯ ট্রলার দুর্ঘটনায় ২৫৯ জেলে প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হন ১৭২ এবং আহত হয়েছেন ১ হাজার ১০৬ জেলে। বরিশাল মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল উপকূলীয় অঞ্চলে মাছ শিকারে গিয়ে ২০১৬ থেকে এখন পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়ে ৬০৯টি জেলে ট্রলার। এর মধ্যে ২০১৬ সালে ৮৫টি দুর্ঘটনায় নিহত হন ৭৭, আহত হয়েছেন ১৭২, নিখোঁজ রয়েছেন ১০ জন। এর মধ্যে শুধু ভোলা জেলায় দুর্ঘটনাকবলিত হয়েছে ৮২টি ট্রলার। এতে প্রাণ হারিয়েছেন ৭৩ জেলে, আহত হয়েছেন ১৭১ ও নিখোঁজ হন ছয়জন। বরগুনা জেলায় ওই বছর তিনটি ট্রলার দুর্ঘটনায় নিহত হন চারজন, সাগরজলে সলিল সমাধি হয়েছে চার জেলের। বরিশাল বিভাগে ২০১৭ সালে দুর্ঘটনার কবলে পড়েছে ৪৬টি ট্রলার। নিহত হন ১২, আহত ১৫১ ও নিখোঁজ রয়েছেন সাত জেলে। ২০১৮ সালে বিভাগের উপকূলীয় এলাকায় মাছধরার ৫৬টি ট্রলার দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে নিহত হয়েছেন ১৮, আহত ১৭৯ ও নিখোঁজ হয়েছেন ৬২ জেলে। এর মধ্যে ভোলায় ৫১টি ট্রলার দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জেলে, আহত ১৫৫, নিখোঁজ হয়েছেন ১০ জন।

২০১৯ সালে বিভাগের ৮২টি মাছধরার ট্রলার দুর্ঘটনাকবলিত হয়ে ৩৮ জেলে প্রাণ হারান। আহত হয়েছেন ১৬৪ ও নিখোঁজ রয়েছেন ২২ জেলে। এর মধ্যে পটুয়াখালীতে ছয়টি ট্রলার দুর্ঘটনায় নয় জেলে নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও আহত বা নিখোঁজের কোনো তথ্য নেই বরিশাল মৎস্য অধিদপ্তরের কাছে। ২০২০ সালে বরিশাল বিভাগের পাঁচ জেলায় ১০৭টি মাছধরার ট্রলার দুর্ঘটনাকবলিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৭ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ১৩৫, নিখোঁজ ১৩ জেলে। ওই বছর পিরোজপুরে কতটি ট্রলার দুর্ঘটনায় পড়ে সে তথ্য না থাকলেও ১৫ জেলে নিহতের খবর জানিয়েছে দপ্তরটি। ২০২১ সালে এ বিভাগে ৮২টি মাছধরার ট্রলার দুর্ঘটনায় ৩৯ জেলে নিহত হয়েছেন, আহত ১২৩, নিখোঁজ রয়েছেন ১১ জেলে। এর মধ্যে ঝালকাঠি জেলার বাণিজ্যিক জাহাজে কর্মরত দুই জেলেও সে বছর প্রাণ হারিয়েছিলেন। পিরোজপুর জেলায় নিহত হয়েছেন চার জেলে। পটুয়াখালীতে একজন নিহত ও এক জেলে আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। ভোলায় ৭৯টি ট্রলার দুর্ঘটনাকবলিত হয়ে ওই বছর ২৯ জেলে নিহত, আহত ১২২ ও সলিল সমাধি হয়েছে ছয় জেলের। আর বরগুনার উপকূলীয় এলাকায় তিনটি ট্রলার দুর্ঘটনায় তিন জেলে নিহত ও পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। 

২০২২ সালের আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগে ১৫১টি মাছধরার ট্রলার দুর্ঘটনায় ১৮ জেলে নিহত ও ১৮২ জন আহত হয়েছেন। একই সময়ে নিখোঁজ হয়েছেন ৪৭ জেলে। এর মধ্যে পিরোজপুর জেলায় তিনটি ট্রলার দুর্ঘটনায় ১১ জেলে নিখোঁজ হলেও পরে খবর পাওয়া যায় তাদের মধ্যে সাতজন ভারতের কারাগারে রয়েছেন। বাকি চারজনের অবশ্য কোনো তথ্য নেই মৎস্য অধিদপ্তরের কাছে। পটুয়াখালীতে ৩৫টি ট্রলার দুর্ঘটনাকবলিত হয়ে নয় জেলে নিহত ও ১৭ জেলে আহত হয়েছেন। এ সময় নিখোঁজ হয়েছেন ২০ জেলে। ভোলায় ৯৭ ট্রলার দুর্ঘটনায় নয় জেলে নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন সাত জেলে। বরগুনায় ১৬টি ট্রলার দুর্ঘটনায় ২৮ জেলে আহত ও নয়জন নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার বণিক বার্তাকে বলেন, নিখোঁজ হওয়ার পর যাদের লাশ পাওয়া যায় তাদের নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের পরিবারকে মৃত্যুর প্রমাণপত্র উপস্থাপন সাপেক্ষে ৫০ হাজার ও আহতদের ৩০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হয়েছে। আর যারা পথ ভুলে ভারতে গিয়ে কারান্তরীণ হয়েছেন তাদের আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে।