গতকাল রাজধানীর উত্তরায় আইইউবিটি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, ‘জুলাই সনদ অত্যন্ত প্রয়োজনীয়। এ বিষয়ে সরকার, সরকারি দল ও বিরোধী রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারে। প্রয়োজন হলে নতুন বিষয় সংযোজন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে যেসব বিষয় আইন আকারে প্রণয়ন করা দরকার, তা সংসদে পাস করতে হবে এবং যেগুলোর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন, সেগুলোও সম্পন্ন করতে হবে।’
তার মতে, এ কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। অন্যথায় বিভিন্ন পথে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থানের আশঙ্কা রয়েছে।
রিজভী বলেন, ‘জুলাই-আগস্টের পরিবর্তনের মাধ্যমে অন্তত গণতন্ত্রের একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করলেই গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়ার পরিস্থিতি আর নেই। মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান এবং জুলাই সেই সুযোগ সৃষ্টি করেছে।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি), অ্যাব নেতা প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ‘জুলাইয়ের তাৎপর্য গভীর। রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশে যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত কয়েকটি মৌলিক বিষয়ে ন্যূনতম সমঝোতা থাকা প্রয়োজন। তা না হলে গণতন্ত্র আবারো সংকটে পড়তে পারে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও ঝুঁকির মুখে পড়তে পারে।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আন্দোলনের সময় উচ্চারিত “পানি লাগবে, পানি?”—এই বাক্যটি একটি মহাকাব্যিক আবেগের প্রতীক হয়ে উঠেছিল। আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।’
তিনি জানান, পূর্ববর্তী সরকার নির্বাচন কমিশনসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছিল। গণমাধ্যম নিয়ন্ত্রণ, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছিল।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় কারাগারে রেখে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।










