বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। শুক্রবার বিকালে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।
এর আগে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে সভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সবশেষ কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।
নবমনোনীত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হোন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন।
এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।










