বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় প্রবহমান খালে বাঁধ দিয়ে করাতকল স্থাপন করা হয়েছে। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সিঅ্যান্ডবি খাল নামে পরিচিত খালটির পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে সংলগ্ন কৃষিজমিতে পানির সংকটে পড়েছেন স্থানীয় কৃষক। 

করাতকলটি অবৈধ চিহ্নিত করে এর লাইসেন্স বাতিল করে দিয়েছে বন বিভাগ। পরিবেশ অধিদপ্তর চিঠি দিয়েছে খালের বাঁধ খুলে দেয়ার জন্য। রহস্যজনক কারণে এসব নির্দেশের একটিও কার্যকর হচ্ছে না। খালে বাঁধ ও করাতকল স্থাপনকারী হলেন জয়শ্রী বাসস্ট্যান্ডসংলগ্ন বরতা গ্রামের সৈয়দ শহীদুল হক।  

সরজমিনে দেখা গেছে, জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে খালের অন্য প্রান্তে সৈয়দ নামক করাতকলটি স্থাপন করা হয়েছে। তার পাশে রয়েছে একটি পানের আড়ত। এজন্য খালের একাংশ ভরাট করা হয়েছে। কল ও পানের আড়তে যাতায়াতের জন্য পাইলিং দিয়ে দুটি প্রশস্ত বাঁধ দেয়া হয়েছে। করাতকলের কাঠের গুঁড়ি ও পানের আড়তের বর্জ্য ফেলা হচ্ছে খালের ভেতর। 

স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার শিকারপুর, বামরাইল ও গৌরনদী উপজেলার মাহিলারা, বাটাজোর এবং গৌরনদী পৌরসভার মধ্যদিয়ে বয়ে চলা খালটির দৈর্ঘ্য কমপক্ষে ৩০ কিলোমিটার। দুটি প্রান্তের একটি উজিরপুরের রমজানকাঠি গ্রামসংলগ্ন সন্ধ্যা নদী এবং অন্য প্রান্ত হচ্ছে মাদারীপুরের ভুরঘাটা নদী। দুই নদীর জোয়ারভাটার পানি প্রবাহিত হতো এ খাল দিয়ে। উজিরপুর থেকে ভুরঘাটা পর্যন্ত মহাসড়কের পাশের প্রায় ৫০০ একর কৃষিজমিতে ব্যবহার করা হয় এ খালের পানি। আট বছর আগে জয়শ্রী এলাকায় স্থানীয় বাসিন্দা সৈয়দ শহীদুল হক খালে বাঁধ দিয়ে করাতকল স্থাপন করেন। চার বছর আগে তৎকালীন উপজেলা প্রশাসন বাঁধ কেটে দেয়। কিছুদিন পর আবারো খালে বাঁধ দেন শহীদুল। 

খালপাড়ে কৃষিজমির মালিক কৃষক নূর মোহাম্মদ হাওলাদার ও আবুল কাশেমসহ আরো অনেকে বলেন, ‘সৈয়দ শহীদুল বাঁধ দেয়ায় খালের ওই অংশটি শুকিয়ে গেছে। দূরের পুকুর থেকে পানি এনে জমিতে দিতে হচ্ছে।’ 

বন বিভাগের উজিরপুর উপজেলা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘সৈয়দ শহীদুল হক তথ্য গোপন করে করাতকলের লাইসেন্স নিয়েছিলেন। পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে তিনি তদন্ত করে দেখতে পান, মহাসড়কের পাশে ও সংলগ্ন স্থানে স্কুল থাকায় এবং খালের অংশ দখল করে করাতকলটি স্থাপন করা হয়েছে। এ কারণে গত বছরের মার্চে করাতকলের লাইসেন্স বাতিল করা হয়। সৈয়দ শহীদুল পুনরায় লাইসেন্সের জন্য আবেদন করলেও সেটা মঞ্জুর করেনি বন বিভাগ। এর পরও তিনি করাতকল চালু রেখেছেন। শহীদুল উচ্চ আদালত থেকে অনুমতি আনার কথা বললেও আদালত থেকে আনা কোনো কাগজপত্র বন বিভাগকে দেয়া হয়নি। 

উপজেলার বর্তমান বন কর্মকর্তা  হুমায়ন কবির বলেন, ‘‌তিনি জয়শ্রী এলাকায় গিয়ে কল বন্ধ ও উচ্চ আদালতের কাগজপত্র থাকলে তা নিয়ে বিভাগীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।’ 

বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ‘খালের জমি দখল করে অবৈধভাবে করাতকল করা হয়েছে। বাঁধ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে পানির প্রবাহ। কল ও বাঁধ অপসারণে পরিবেশ অধিদপ্তর থেকে শহীদুল হককে গত ডিসেম্বরে চিঠি দেয়া হয়।’ 

সৈয়দ শহীদুল হকের ছেলে সৈয়দ মামুন এ প্রসঙ্গে বলেন, ‘‌বর্তমানে সেখানে খালের কোনো অস্তিত্ব নেই। এ হিসেবে তারা জমির বৈধ মালিক। বন বিভাগ অবৈধভাবে তাদের করাতকলের লাইসেন্স বাতিল করেছে। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে করাতকল চালুর পক্ষে আদেশ এনেছেন।’