মহাসড়কে মাহিন্দ্রাসহ অবেধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঝালকাঠি থেকে বরিশালসহ বিভিন্ন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

আকস্মিক বাস ধর্মঘটের কারণে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা, ঝালকাঠি-রাজাপুর ও ঝালকাঠি- কাঁঠালিয়া এই আট রুটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

আজ বুধবার সকালে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গিয়েছে দুর্ভোগের শিকার অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বেশি ভাড়া দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিকল্পভাবে গন্তব্যে যাচ্ছেন।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসটার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির কয়েকটি  বাসের যন্ত্রাংশ চুরি করে নেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেয়া হয়। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার বেলা ১১ থেকে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠির ওপর থেকে বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।