ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার। রাজধানীর লালমাটিয়ায় ‘সরকারি দোয়েল’ টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট পাবে হাদির পরিবার। এ ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য ১ কোটি টাকা বিশেষ অনুদান দিচ্ছে সরকার। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করতে হবে।
গতকাল অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনে এ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছরে ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়।
এর আগে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগের কথা জানানো হয়।
এদিকে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য নতুন করে ২৫ জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
জুলাই অভ্যুত্থান ও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।










