ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, নদীমাতৃক বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ও মালিকানা নির্ধারণে অ্যালুভিয়ন (পয়স্তি) ও ডিলু ভিয়ন (সিকস্তি) লাইন (এডি লাইন) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। নদীভাঙন ও চর জাগার কারণে জমির অবস্থান ও আয়তন পরিবর্তিত হয়। এসব পরিবর্তনের আইনগত স্বীকৃতি দিতে এই সীমারেখা নির্ধারণ প্রয়োজন।
আজ বুধবার (৭ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্ভেয়ারগণ কর্তৃক এডি লাইন সৃজন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মডিউল চুড়ান্তকরণ সেমিনারে’ তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়ের।
সিনিয়র সচিব বলেন, দেশে ভূমি বিরোধ ও অবৈধ দখল একটি বড় সমস্যা। এসব সমস্যা কমাতে মাঠপর্যায়ের ভূমি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পয়স্তি ও সিকস্তি বিষয়ে প্রশিক্ষণ খুবই জরুরি। সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নিয়মিতভাবে এ সীমারেখা নির্ধারণ করা দরকার।
তিনি বলেন, নদীভাঙনের সীমা সঠিকভাবে নির্ধারণ না হলে জমি নিয়ে বিরোধ, জাল দলিল এবং দীর্ঘ মামলা-মোকদ্দমা বাড়ে। এ কারণে নদীভাঙনপ্রবণ এলাকায় কর্মরত সার্ভেয়ারদের জন্য দুই সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে।
সেমিনারে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, মো. রায়হান কাওছার ও মো. এমদাদুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










