সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে সুন্দরবন দিবস। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়ে গতকাল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনায় পালিত হয়েছে ২৪তম সুন্দরবন দিবস। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
খুলনা: সুন্দরবন একাডেমির উদ্যোগে এবং খুলনা প্রেস ক্লাব, ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও খুলনা সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এবারের দিবসে প্রতিপাদ্য ছিল, ‘প্লাস্টিক ও পলিথিনমুক্ত সুন্দরবনের জনপদ’। দিবসটি উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং তছলিম আহমেদ টংকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে।
বাগেরহাট: ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বাগেরহাট প্রেস ক্লাব দিবসটির আয়োজন করে। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. ফখরুল হাসান।
প্রেস ক্লাবের সহসভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আইনজীবী শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস ও সাংবাদিক আলী আকবর টুটুল।
বক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড়, জলোচ্ছ্বাস এলে সুন্দরবন আমাদের রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবন বাঁচাতে সবাইকে আরো সচেতন হতে হবে।
সাতক্ষীরা: ‘সুন্দরবন দিবসে সুন্দরভাবে ভালোবাসুন’ স্লোগানে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীলডুমুর খেয়াঘাট থেকে শোভাযাত্রাটি বের হয়ে সুন্দরবন উপকূলীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরগুনা: ‘সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও’ স্লোগানে বরগুনার পাথরঘাটায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উপজেলা ব্যবস্থাপক সুব্রত কুমার মিস্ত্রী, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এ সময় বক্তারা সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ড, সুন্দরবনসহ পাথরঘাটা উপকূলের বন উজাড়, সুন্দরবন ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।
সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, ‘সুন্দরবন আমাদের মায়ের মতো। মা যেমন সন্তানকে আগলে রাখে, প্রাকৃতিক দুর্যোগের সময় তেমনি সুন্দরবন আমাদের আগলে রাখে। সুন্দরবনকে আমাদেরই রক্ষা করতে হবে। এজন্য বন বিভাগকে আধুনিকায়ন, লোকবল বৃদ্ধিসহ একটি বিশেষ বাহিনী গঠন করা প্রয়োজন।’










