অবৈধ মজুদ করে যারা সংকট তৈরি করে তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শীব নদীর ওপর ১৯২ মিটার দীর্ঘ নবনির্মিত সেতুর চলমান কার্যক্রম পরিদর্শন ও দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুদকারীরা বিএনপির দোসর। তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়, বেকায়দায় ফেলতে চায়। আমাদের দেশকে রক্ষা করতে হবে। আপনারা যে ভোট দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের দুই দিন আগে হঠাৎ করে অসৎ ব্যবসায়ীরা চালের দাম ৮/১০ টাকা বাড়িয়ে দেয়। তারা মনে করেছিল অন্য কেউ খাদ্যমন্ত্রী হলে বুঝতে একমাস পার হয়ে যাবে। যখন তারা দেখেছে সাধন মজুমদার মন্ত্রী হয়েছে, তখন তারা বেকায়দায় পড়েছে, আমাদেরও বেকায়দায় ফেলেছে। চালের বাজার ঠিক রাখতে জেলায় জেলায় বৈঠক করতে হয়েছে। মজুদ বিরোধী অভিযানও চালাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, রাধানগর সেতু রাজশাহী ও নওগাঁ জেলার মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে সড়ক যোগাযোগের ক্ষেত্রে। গ্রামের সঙ্গে শহরের মানুষের যোগাযোগ সহজ ও দ্রুততর হওয়ার ফলে কৃষক সহজেই  পণ্য বাজারজাত করতে পারবে।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।