২০০ ভরি স্বর্ণসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মানবসম্পদ ও গণমাধ্যম) মো. শামসুল আলম বলেন, সকাল ১১টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যশোর বেনাপোলের মো. মোস্তফা ও যশোর বাঘারপাড়ার মো. নাজিম মন্ডল। ঢাকা-মাওয়া মহাসড়কের কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ গেইট নামক স্থানে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ব্যাগ থেকে ২০০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।