ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দিনের বেশির ভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। পানির দাবিতে ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ৯ নং ওয়ার্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
এসময় বক্তারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় পৌরসভার সরবরাহকৃত পানি মিলছে না। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। বর্তমানে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে খাওয়া, গোসল, রান্না-বান্নায়সহ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের।
অভিযোগ রয়েছে, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দায়ী করে কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি আড়াল করছেন। পাম্প চালকরা নিয়মিত পাম্পে থাকেন না।
বিক্ষোভকারীরা দ্রুত নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি দেয় এলাকাবাসী।









