অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট ৬ মাস বা ১ বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। ন্যূনতম ২ বছর সময় লাগবে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ বর্তমান অর্থনীতির একটি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, আমরা এ অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছি। সবাই বিদ্যুৎ ও গ্যাসের কথা বলছে। বাস্তবতা হলো, আমরা এ ধরনের সমস্যার মধ্যেই আছি। আমাকে স্বীকার করতেই হবে যে, এসব সমস্যাও মূলত অতীত থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। দুর্ভাগ্যজনকভাবে এ সমস্যা সমাধান এক বছরের মধ্যেও সম্ভব নয়। এর জন্য ন্যূনতম সময় দুই বছর প্রয়োজন।
অর্থমন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে কাজ করছি। কারণ বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতিকে এগিয়ে নেয়ার কথা বলা বাস্তবে সম্ভব নয়। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, যত দ্রুত সম্ভব আমরা সবকিছু করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমরা কোনো সময় নষ্ট করছি না।
গ্যাসের ক্ষেত্রে এফএসআরইউ, অনশোর স্টোরেজ—এসব বিষয় সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও আমির খসরু জানান।
সেমিনারে এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান, অ্যামচেমের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রুপালী হক চৌধুরী ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।










