ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার জুগলী ইউনিয়নের পূর্ব গিলাভূই গ্রামে ও ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি মমিনপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্ব গিলাভূই গ্রামের বাবুল হোসেনের ১৫ মাস বয়সের মেয়ে শিশু নুসরাত জাহান (সুমা) ও পাবিয়াজুরি মমিনপুর গ্রামের আমিনুল ইসলামের আড়াই বছরের শিশু সিয়াম। তারা দুজনই নিজ বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মারা যায়।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস এতথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। কারো কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়ার পর পরিবারের নিকট নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।