চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শফিকুল ইসলাম (৪৫) নামে একজনকে কাঠের টুকরা দিয়ে পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের কালাম বাঙ্গাল। নিহত শফিকুল একই গ্রামের মরহুম শুকুর আলির ছেলে। 

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এদিন রাত পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে দর্শনা থানায় নিয়ে আসে। 

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সদস্য বড়বলদিয়া গ্রামের বাসিন্দা সাইফুল জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ‘ঘরজামাই’ জেলার জীবননগর উপজেলার হাসাদহের আমির হোসেনের ছেলে কালাম বাঙ্গালের (৫৫) সঙ্গে তার শ্যালক শফিকুলদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রামের বাজার থেকে ফেরার পথে উভয়ের সঙ্গে বাক বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে কালাম বাঙ্গাল একটি কাঠের টুকরা দিয়ে শফিকুল ইসলামের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। পলাতক ঘাতক কালাম বাঙ্গালকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনার ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।