ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রশাসক।
তিনি বলেন, অদক্ষ চালকদের কারণে যেন আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত নগরবাসীর সেবায় নিয়োজিত থাকেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবার সচেতন হওয়া প্রয়োজন। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকারও আশ্বাস দেন।
দুর্ঘটনায় নিহত শেফালী বেগমের পরিবারের জন্য ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেয়ার ঘোষণা দেন মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির যানবাহনে অদক্ষ চালক বা কোনো হেল্পার গাড়ি চালানোর অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো যানবাহন অদক্ষ চালক পরিচালনা করেন না।
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় যান।
এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










