সিপিডির সম্মাননীয় ফেলো ড. রওনক জাহান বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না। অনেকে বলছেন, যেভাবে হোক নির্বাচনটা হয়ে যাক। মানুষ অন্ধভাবে বিশ্বাস করছে, নির্বাচনের পরই সংকট কেটে যাবে। কিন্তু বাস্তবে সে ধারণার পক্ষে কোনো যৌক্তিক কারণ নেই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রওনক জাহান বলেন, নির্বাচনকে সামনে রেখে শুধু সংখ্যালঘু নয়, সাধারণ মানুষও এখন অধিকারের প্রশ্ন পেছনে ফেলে নিরাপত্তাকেই প্রধান চাহিদা হিসেবে দেখছে। নিরাপত্তা নিশ্চিত করা যেন রাষ্ট্রের দায়িত্ব না হয়ে এক ধরনের ‘চ্যারিটি’ বা দয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবার মনে এখন একটাই দাবি, নিজের নিরাপত্তা নিশ্চিত করা।
নির্বাচনকালীন ভয়ভীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচন এলেই সংখ্যালঘুরা চরম আতঙ্কে থাকে। তারা আওয়ামী লীগকে ভোট দেয়, এমন একটি ধারণা থেকে তাদের ওপর নির্যাতন চালানো হয়। অথচ সংখ্যালঘুরা কাকে ভোট দিচ্ছে, তা যাচাই করার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট কেবল এক দলের সঙ্গে আরেক দলের দ্বন্দ্বে সীমাবদ্ধ নয়, দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলও পরিস্থিতিকে জটিল করে তুলছে।
সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় রাজনৈতিক কর্মীদের ভূমিকার সমালোচনা করে ড. রওনক জাহান বলেন, সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়ানোর মতো লোক নেই। রাজনৈতিক কর্মীদের দায়িত্ব শুধু ভোট সংগ্রহ বা কর্মসূচিতে অংশ নেয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ও শিক্ষা তাদের মধ্যে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কোনো দেশের সংবিধানে কী লেখা আছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই দেশের সংখ্যালঘুরা নিজেদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কী ভাবছে। সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার বাস্তব চিত্রের ওপরই একটি দেশের গণতন্ত্রের প্রকৃত মান নির্ভর করে।










